এমআরআই রিপোর্টে খারাপ কিছু আসেনি। মুশফিকুর রহিম ডান কাঁধের চোট কাটিয়ে ব্যাট হাতে নিতে পারবেন আগামী দুই সপ্তাহ পরই। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীই কাল দিয়েছেন সুসংবাদটা।
মুশফিকের চোট যে ততটা গুরুতর নয়, সেটা অনুমান করা গিয়েছিল শুরুতেই। তার পরও প্রকৃত অবস্থাটা বুঝতে কাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাঁর ডান কাঁধের এমআরআই করানো হয়। দুপুরে এমআরই রিপোর্ট হাতে পাওয়ার পর দেবাশিস চৌধুরী বলেছেন, ‘এমআরআইতে চোট সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ২০১৪ সালেও সে এই চোটে একবার পড়েছিল। তবে রিপোর্ট নিয়ে আমরা রেডিওলজিস্টের সঙ্গে আলোচনা করেছি। গতবারের রিপোর্টের সঙ্গে এবারের রিপোর্ট মিলিয়ে তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এটা তেমন বড় ধরনের কোনো চোট না।’
তবে সাবধানতার জন্য মুশফিককে আগামী এক সপ্তাহের জন্য খেলাধুলা-সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অর্থাৎ আজ প্রাইম দোলেশ্বরের হয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটিও খেলা হচ্ছে না তাঁর। ‘আশা করা যায় এক সপ্তাহ পর থেকে ওর ব্যায়াম, পুনর্বাসন শুরু হবে। ব্যাটিংয়ে ফিরতে পারবে সপ্তাহ দুয়েকের মধ্যেই’—বলেছেন বিসিবির চিকিৎসক।
0 comments:
Post a Comment